
নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক, পুলিশে সোপর্দ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারে ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নাসিমা আক্তার নামে এক নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গোলাপ চেয়ারম্যান মার্কেট সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
আটককৃত নাসিমা আক্তার জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা মানিক মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর পৌর এলাকার দুই নারী ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে আসেন। অভিযুক্ত নাসিমা আক্তার দীর্ঘ ৩০ মিনিট যাবৎ ওই নারীদের অনুসরণ করছিলেন। তারা ব্যাংক থেকে বের হওয়ার পর নাসিমা তাদের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন এবং অসংলগ্ন কথা বলতে থাকেন। বিষয়টি পাশে থাকা এক দোকানদারের সন্দেহ হলে তিনি স্থানীয় লোকজনকে ডাকেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী তার বাড়ি সিলেট বলে দাবি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। তবে উপস্থিত জনগণের তোপের মুখে একপর্যায়ে তিনি নিজের সঠিক পরিচয় দেন এবং স্বীকার করেন যে তিনি নাসিরনগর উপজেলার বাসিন্দা। পরবর্তীতে তাকে নবীনগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে নবীনগরের বিভিন্ন পয়েন্টে এমন চোর ও ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের মতে:
টার্গেট: এই চক্রের মূল লক্ষ্য সাধারণত নারীরা।
কৌশল: ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় তারা পিছু নেয়। কখনও কথার জাদুতে সম্মোহন করে, আবার কখনও অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়।
এলাকাবাসীর দাবি
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের চোর চক্রের কারণে অনেক মধ্যবিত্ত ও সাধারণ পরিবার তাদের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। আসন্ন উৎসবের আগে নবীনগরের নিরাপত্তা জোরদার করতে এবং এই চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কাজী মেহেদী হাসান, 













